ধান উৎপাদনের অন্যতম প্রধান জেলা নেত্রকোনায় কয়েক লাখ মানুষের জীবিকা সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। বছরে বোরো ও আমন—এই দুই মৌসুমে জেলাজুড়ে ব্যাপক ধান চাষ হয়। বিশেষ করে হাওরাঞ্চলের বোরো ফসল এখানকার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। পাশাপাশি মৌসুমি শাকসবজি উৎপাদনও গ্রামীণ মানুষের আয়ের অন্যতম বড় উৎস। তবে ফসলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গিয়ে জমিতে রাসায়নিক সার ও বিভিন্ন ধরনের ক্ষতিকর বা ভেজাল কীটনাশকের ব্যবহার বহুগুণ বেড়ে গেছে। ফলে কৃষকদের উৎপাদন খরচ যেমন আশঙ্কাজনকভাবে বাড়ছে, তেমনি মাটি, পানি ও সামগ্রিক পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
কৃষি বিশেষজ্ঞদের মতে, জমিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক প্রয়োগের কারণে ফসলের ক্ষতিকর পোকামাকড়ের পাশাপাশি বন্ধুভাবাপন্ন বা উপকারী কীটপতঙ্গ ও নানা প্রজাতির প্রাণী প্রাণ হারাচ্ছে। এর ফলে প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হচ্ছে এবং উপকারী প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। অধিকাংশ কৃষকই কীটনাশক ব্যবহারের সঠিক নিয়ম বা প্রয়োজনীয় নিরাপত্তাবিধি সম্পর্কে সচেতন নন। মাত্রা, প্রযোগের সময় বা যথাযথ পদ্ধতি না মেনেই জমিতে বিষ ছিটানো হচ্ছে। মাস্ক, হাতমোজা, চশমা কিংবা সুরক্ষামূলক পোশাক না পরায় বিষাক্ত রাসায়নিক শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অথবা ত্বক ও খাবার-পানির মধ্য দিয়ে শরীরে প্রবেশ করছে। এতে কৃষকরা তাৎক্ষণিকভাবে চোখ ও ত্বকে জ্বালাপোড়া, মাথা ঘোরা, বমি ও শ্বাসকষ্টের মতো শারীরিক সমস্যায় ভুগছেন। দীর্ঘমেয়াদে অনিরাপদভাবে এসব রাসায়নিকের সংস্পর্শে থাকলে স্নায়ুতন্ত্র, লিভার ও কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ক্যানসারের মতো জটিল রোগের মারাত্মক ঝুঁকি রয়েছে।
চলতি অর্থবছরে নেত্রকোনা জেলায় ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপিসহ বিভিন্ন সারের মোট ১ লাখ ৩৫ হাজার ৬৩৫ মেট্রিক টন বরাদ্দ রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা। এই বরাদ্দের বড় অংশই বোরো মৌসুমে খরচ হয়। সারের পাশাপাশি রোগবালাই ও পোকা দমনে কীটনাশক কিনতেই কৃষকদের বছরে খরচ করতে হচ্ছে প্রায় ১০০ কোটি টাকা। ফলে মৌসুমের শুরুতেই সার, বীজ ও কীটনাশক বাবদ বিরাট অঙ্কের অর্থ গুনতে বাধ্য হচ্ছেন চাষিরা। আগে যে সার প্রতি বস্তা ৭৫০ থেকে ৮৫০ টাকায় পাওয়া যেত, তা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৫০০ টাকায়। জ্বালানি ও অন্যান্য কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে চাষাবাদের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ কৃষকরা।
দুর্গাপুরের লক্ষীপুর গ্রামের কৃষক আব্দুল হক জানান, চলতি আমন মৌসুমে তিনি কয়েক কাঠা জমিতে ধান আবাদ করেছেন। তবে প্রথম দফায় আগাছানাশক ছিটানোর পরও আগাছা দমন না হওয়ায় দ্বিতীয় দফায় ওয়াইড আউট, পরিস্কার (১০ ডব্লিউপি) ও লুবাদাসহ নানা ধরনের ওষুধ প্রয়োগ করতে বাধ্য হয়েছেন। তিনি জানান, ধান চাষে এখন সার ও কীটনাশকের ওপর পুরোপুরি নির্ভর করতে হচ্ছে, অথচ উপকরণের দাম দ্বিগুণের কাছাকাছি। পাশাপাশি আবহাওয়া পরিবর্তনের কারণে সময়ে বৃষ্টি না হওয়া কিংবা অসময়ে ভারী বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। গত বোরো মৌসুমেও প্রাকৃতিক দুর্যোগে তাদের ধান নষ্ট হয়ে ঝুঁকির মাত্রা বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে আটপাড়ার মঙ্গলসিদ্ধ গ্রামের কৃষাণী বেগম জানান, অতীতে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই জমিতে প্রচুর শাকসবজি পাওয়া যেত। কিন্তু বর্তমানে এসব রাসায়নিক ছাড়া কোনো ফসলই ফলানো যাচ্ছে না। নিজের জমি ও জৈব সার ব্যবহারের সুযোগ না থাকায় বাজার থেকে কেনা সবজির ওপর নির্ভর করতে হচ্ছে। বাজারে পাওয়া অতিরিক্ত সার-কীটনাশক যুক্ত সবজি খেয়ে মানুুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে তারা আশঙ্কায় রয়েছেন। রাসায়নিক উপকরণের ওপর অতিরিক্ত নির্ভরতায় একদিকে কৃষকের পকেটের টাকা খসছে, অন্যদিকে মাটির চিরস্থায়ী গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে।
এই সামগ্রিক পরিস্থিতিতে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম জানান, সারের অপচয় ও বিষাক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব উপায়ে ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। ফসলের ক্ষতিকর পোকা দমনে জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ ও আলোক ফাঁদের মতো পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে কৃষি বিভাগ কাজ করছে। মাটি, পানি ও পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি কৃষকরা যাতে কম খরচে কাঙ্ক্ষিত ফলন পান, সে লক্ষ্যে মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও আধুনিক কৃষি প্রযুক্তির সহায়তা দেওয়া হচ্ছে।

