হবিগঞ্জে প্রবেশমুখে পুলিশি বাধায় আটকে এনসিপির কেন্দ্রীয় নেতারা

সিলেট থেকে হবিগঞ্জ আসার পথে জেলার প্রবেশমুখে পুলিশের বাধায় আটকে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। বুধবার (২৯ জুলাই) জেলার বাহুবল উপজেলার মুছাই এলাকায় পুলিশের পক্ষ থেকে একটি বালুর ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে তাদের গাড়ি বহর আটকে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা ধরে তারা সেখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে সাইফুর রহমান টাউন হলের সামনে এনসিপির জুলাই পদযাত্রার সভা শেষে সার্কিট হাউজে যাওয়ার পথে সবুজবাগ এলাকায় নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমের ওপর হামলা চালানো হয়। এ সময় তাদের বহনকারী গাড়ি ও মিডিয়া সেলের গাড়ি ভাঙচুর করা হয়। পরে কোর্ট মসজিদ এলাকায় আবারও হামলার মুখে পড়েন তারা। ওই ঘটনায় সারজিস আলম ও নাহিদ উদ্দিন তারেকসহ কয়েকজন সোনালী ব্যাংকে আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউজে নিয়ে যায় এবং রাতে পুলিশি পাহাড়ায় তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

এই ঘটনার প্রতিবাদে এনসিপি সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়। বুধবার হবিগঞ্জের সমাবেশে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এমপি এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ও সারোয়ার তুষারসহ শীর্ষ নেতাদের যোগ দেওয়ার কথা ছিল।

এদিকে একই স্থানে একই সময়ে সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিলে জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা জারির পরও এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ আসার সিদ্ধান্তে অনড় থাকেন। বুধবার সকালে তারা ঢাকা থেকে সিলেটে পৌঁছান এবং সড়ক পথে মৌলভীবাজার হয়ে হবিগঞ্জ জেলার প্রবেশমুখে পৌঁছালে পুলিশের কয়েকশ সদস্য ট্রাক দিয়ে ব্যারিকেড তৈরি করে তাদের আটকে দেয়। এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক বিষয়টি নিশ্চিত করে জানান, তারা কয়েক দফা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

প্রায় এক ঘণ্টা পর রাত ৮টার দিকে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সরিয়ে তাদেরকে উদ্ধার করে সার্কিট হাউজ নিয়ে আসে।

এরপর রাত ১০টার দিকে পুলিশ পাহাড়ায় সারজিস আলম ও নাহিদ উদ্দিন তারেক গাড়িবহরসহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।