চুয়াডাঙ্গায় সচেতনতামূলক কর্মসূচিতে পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের বড়বাজার শহীদ হাসান চত্বরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার এ সময় সড়ক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। আয়োজনের অংশ হিসেবে মোটরযান চালক, পরিবহন মালিক, সাধারণ যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

একই দিন বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএর আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সভায় সভাপতিত্ব করেন এবং বিআরটিএর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) লিটন বিশ্বাস সভাটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং চালক, পথচারী ও সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন। সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার পাশাপাশি মাদকাসক্ত বা ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো, ঝুঁকিপূর্ণ বাঁকে ওভারটেকিং না করা এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

সভায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহা. আমজাদ হোসেন, সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর মো. আমিরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম, পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোহাইমিন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মইনুদ্দিন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মানিক আকবর ও সাধারণ সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন। সভা শেষে পেশাগত দক্ষতা প্রদর্শন ও ট্রাফিক আইন মেনে চলায় চারজন চালককে পুরস্কার ও সম্মাননাপত্র প্রদান করা হয়।