সরকারি ছুটি অমান্য করে পিরোজপুরে ন্যাশনাল লাইফের দাপ্তরিক কার্যক্রম

রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটি পালিত হওয়ার কথা থাকলেও পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জোনাল অফিস খোলা রেখে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। বুধবার সকাল থেকে পিরোজপুর শহরের পোস্ট অফিস রোডে সোনালী ব্যাংকের বিপরীতে অবস্থিত এই জোনাল অফিসে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

অফিসে উপস্থিত থাকা কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশেই তারা অফিসে এসেছেন এবং দাপ্তরিক কাজ করছেন। এ বিষয়ে জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মো. হাসানুজ্জামানের দাবি, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সম্পর্কে তিনি কিছুই জানেন না, আর সেই কারণেই তিনি অফিস খোলা রেখেছেন।

বিষয়টি নিয়ে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছিল। এটি একটি রাষ্ট্রীয় কর্মসূচি, তাই সবারই এটি পালন করা উচিত। কোনো প্রতিষ্ঠান যদি সরকারি নির্দেশনা অমান্য করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে, তাহলে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।