বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: রাজবাড়ীতে নাহিদ ইসলাম

নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের দলীয়করণ এবং সহিংস পরিস্থিতির মধ্যে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি জানান, পরিস্থিতি উত্তরণে ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব পেশ করা হবে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে পাঁচ জেলার নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ কর্মসূচির আগে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গত কয়েক দিনে সরকারদলীয় অভ্যন্তরীণ কোন্দলে কয়েকশ মানুষ আহত ও নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনে দলীয়করণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি জানান, বুধবারও জোটের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে এবং প্রস্তাবনার ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত।

আওয়ামী লীগ ও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। ফলে আওয়ামী লীগের সঙ্গে তাদের লড়াইটি আদর্শিক। তবে দলটি পরাজিত হলেও তাদের দোসররা এখনো নানা জায়গায় সক্রিয় রয়েছে। এদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, বর্তমানে একপক্ষে ফ্যাসিবাদ ও স্বৈরাচার, আর অন্যপক্ষে নতুন চাঁদাবাজ ও দুর্নীতিবাজ শক্তি একাকার হয়ে গেছে। এ দুই শক্তির হাত থেকে দেশের মানুষকে মুক্ত করাই এখন প্রধান লক্ষ্য।

সাংবাদিকদের ভূমিকা ও সম্প্রতি আইজিপির মন্তব্য নিয়ে নাহিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সাংবাদিকদের নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিজেদের ব্যর্থতা ও দায় সাংবাদিকদের ওপর না চাপিয়ে অপরাধীদের চিহ্নিত করাই পুলিশের মূল দায়িত্ব হওয়া উচিত। গণমাধ্যম নিরপেক্ষ তথ্য প্রকাশ করায় ভুল থাকলে আইনি ব্যবস্থার সুযোগ রয়েছে, কিন্তু দায়িত্বশীল পদে থেকে এমন কথা বলা সমীচীন নয়। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং গণমাধ্যম সংস্কার কমিশনের কোনো সুপারিশই বাস্তবায়ন করেনি। সত্য প্রকাশ করায় সাংবাদিকরা নির্যাতন ও হামলার শিকার হচ্ছেন এবং অনেক প্রতিষ্ঠান থেকে সরকারের সমালোচকদের বের করে দেওয়া হচ্ছে। এনসিপি সংসদেও এসব বিষয় তুলে ধরছে এবং গণমাধ্যমের পাশে রয়েছে।

দেশে মাদক সিন্ডিকেট সক্রিয় থাকা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, পুলিশ, প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের একটি অংশ এর পৃষ্ঠপোষকতায় যুক্ত। আগে আওয়ামী লীগ যেভাবে মাদকের সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়েছে, বর্তমানে বিএনপি একইভাবে তা করছে বলে তিনি দাবি করেন। এই রাজনৈতিক আশ্রয় ভাঙতে না পারলে মাদক নির্মূল করা যাবে না। অন্যদিকে, ব্যাংকিং খাতের সমালোচনা করে এনসিপি প্রধান বলেন, এ খাতে কোনো দৃশ্যমান সংস্কার হয়নি, যার ফলে জনগণের আস্থা ফেরেনি। সর্বশেষ বাজেটেও অর্থমন্ত্রীর বক্তব্য থেকে অর্থনৈতিক সংস্কারের কোনো সুস্পষ্ট রূপরেখা পাওয়া যায়নি। বরং ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের সংসদে সুযোগ দেওয়া হয়েছে। পাচার বন্ধ ও খেলাপিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে ব্যাংকিং খাতের সংকট দূর হবে না।

স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের অবস্থান পরিষ্কার করে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নির্বাচন ও সংসদকে কেন্দ্র করে ১১ দলীয় জোট গঠিত হলেও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে ও পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। জোটগতভাবে জাতীয় ও গণবিরোধী নীতির বিরুদ্ধে তাদের ঐক্য থাকলেও স্থানীয় পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন শেষে পাঁচ জেলার নেতাদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা বিভাগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিলসহ আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।