মাদকের বিস্তার দেশের ভবিষ্যৎ এবং বিপুল জনশক্তিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য মাদককে সবচেয়ে বড় জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে তিনি এই চক্র ভাঙতে সরাসরি সরকারপ্রধানের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
গত শুক্রবার (১৭ জুলাই) বরিশালের চরমোনাই ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এক সুধী সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাইয়ে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এই সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বাংলাদেশ একসময় যে জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) অর্জন করেছিল, তাকে কাজে লাগিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব ছিল। পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে জনশক্তি রপ্তানি করা যেত। কিন্তু অতীতের সরকারগুলো মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় দেশের বিপুল জনসম্পদের একটি বড় অংশ কর্মক্ষমতা হারিয়েছে এবং ধ্বংসের পথে ধাবিত হয়েছে।
মাদক প্রতিরোধে কেবল সচেতনতা বৃদ্ধিকে যথেষ্ট নয় বলে মনে করেন চরমোনাই পীর। তিনি বলেন, মাদক নির্মূলে চাহিদা ও সরবরাহ—উভয় দিক থেকেই সমান গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। সমাজের মানুষ সচেতনতার মাধ্যমে মাদকের চাহিদা কমাতে ভূমিকা রাখতে পারে, কিন্তু এর সরবরাহ চক্র পুরোপুরি নির্মূল করার মূল দায়িত্বটি রাষ্ট্রের।
মাদক ব্যবসার সঙ্গে প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ তুলে ধরে তিনি বলেন, কোনো ধরনের চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া জরুরি। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাদকের সরবরাহ লাইন ধ্বংস করতে সরকারপ্রধান হিসেবে তাকেই ব্যক্তিগতভাবে কার্যকর ও সরাসরি উদ্যোগ নিতে হবে।
মাদকমুক্ত সমাজ বিনির্মাণে রাজনৈতিক অঙ্গীকার, সামাজিক প্রতিরোধ এবং আধ্যাত্মিক মূল্যবোধ—এই তিনটি বিষয়ের সমন্বিত অগ্রযাত্রার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে চরমোনাই ইউনিয়নসহ পুরো দেশকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) এবং দলের সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মুহাম্মাদ বেলাল হুসাইন এবং কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম।

