মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে শূন্যরেখায় কাজ করার সময় এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার সকালে ইছাখালী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। আটককৃত আব্দুল মান্নান (৭০) ইছাখালী গ্রামের মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে।
আটক কৃষক আব্দুল মান্নানের নাতি ইব্রাহিম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে তার দাদা বাড়ির পাশের মরিচের জমিতে কীটনাশক দিতে গিয়েছিলেন। এ সময় ১২৪/৪-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যান। মান্নান সীমান্তের শূন্যরেখায় ভারতীয় কৃষিজমিতে কাজ করছিলেন বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান। খবর ছড়িয়ে পড়ার পর ১২৩/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের লোকজন। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়।
এ ঘটনায় সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনার সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটককৃত ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেয়া হয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ভারতীয় কৃষি জমিতে কাজ করার সময় একজনকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর বাংলাদেশের পক্ষ থেকে দুই ভারতীয় নাগরিককে ধরে আনা হয়েছে। দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।

