পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লরি, জীবিত উদ্ধার ২

পটুয়াখালীতে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে একটি লরি, যার নম্বর চট্ট মেট্রো-৬-৮১-৪৫৮১। গতকাল রাত ১টা ১৫ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর লরির ভেতরে দুজন ব্যক্তি আটকা পড়েন।

খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পটুয়াখালী ফায়ার স্টেশনের লিডার সুবোধ চন্দ্র মণ্ডলের নেতৃত্বে চালানো দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর লরির ভেতর থেকে ওই দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার খলিশাখা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুল হালিম এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পৌর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আবুল হোসেন। উদ্ধার অভিযানের পর আহত অবস্থায় তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। লরিটি কেন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্টরা দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত করছেন।