লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করল কোস্ট গার্ড

ভোলার লালমোহনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমোহন থানার পৌরসভা বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচটি গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতির খবর পেয়ে গোডাউনের মালিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত নিষিদ্ধ পলিথিনগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিবেশ রক্ষা এবং নিষিদ্ধ পলিথিনের অবৈধ মজুত ও ব্যবহার রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।