পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত কাজী মাহাবুব আলমের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে গত সোমবার (২০ জুলাই) রাত ৮টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংষু সরকার কুট্টি। অনুষ্ঠানে প্রয়াত কাজী মাহাবুব আলমের রাজনৈতিক জীবন ও আদর্শ নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটোন এবং ওলামা দলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেছারুল হক। এছাড়া মরহুমের স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখেন প্রয়াত কাজী মাহাবুব আলমের সহধর্মিণী লায়লা আরজুমান আরা ও কন্যা মুরছানা আলম।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোঃ বশির আহমেদ, পৌর বিএনপির সভাপতি ও পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন এবং গাজী আশফাকুর রহমান বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা প্রয়াত এই নেতার রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের প্রতি তার একনিষ্ঠ অবদানের কথা আবেগঘন পরিবেশে স্মরণ করেন।
আলোচনা পর্ব শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা শাহ নেছারুল হক। স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

