শরীয়তপুরে ২৫ বছর ইমামতির পর ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

শরীয়তপুরের নড়িয়ায় দীর্ঘ ২৫ বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ইমামতি করার পর এক ব্যতিক্রমী ও রাজকীয় আয়োজনে বিদায় জানানো হয়েছে মাওলানা আবুল হোসেনকে। গত শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে মোক্তারেরচর ইউনিয়নের নয়ান মাদবর কান্দি খানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের এই প্রিয় ইমামকে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী ফুলের শুভেচ্ছা জানিয়ে একটি সুসজ্জিত ঘোড়ার গাড়িতে তুলে দেন। বিদায়ের এই ক্ষণে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দীর্ঘ আড়াই দশক ধরে মাওলানা আবুল হোসেন এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ও তারাবিহসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছিলেন। ইমামতির পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতেন। দীর্ঘদিন একসঙ্গে চলার কারণে মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে তাঁর একটি গভীর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, যা তাঁর বিদায়বেলায় স্পষ্ট হয়ে ওঠে। এই বিদায় অনুষ্ঠান দেখতে আশপাশের এলাকার বহু মানুষ ভিড় জমান। অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিজের বিদায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাওলানা আবুল হোসেন বলেন, "এই মসজিদের সঙ্গে আমার জীবনের ২৫টি বছর জড়িয়ে আছে। এখানকার মুসল্লি ও এলাকাবাসীর কাছ থেকে আমি সবসময় ভালোবাসা ও সম্মান পেয়েছি। বিদায়ের সময় তারা যেভাবে আমাকে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন, তা আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও তাদের জন্য দোয়া করব।"

স্থানীয় ইউপি সদস্য কালাম খান তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "হুজুর আমাদের কাছে শুধু একজন ইমাম ছিলেন না, তিনি ছিলেন পরিবারের একজন অভিভাবকের মতো। দীর্ঘ ২৫ বছর অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তিনি আমাদের মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছেন। তাঁর বিদায়ে আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি।"

বিদায় আয়োজনের অন্যতম উদ্যোক্তা স্থানীয় পলাশ খান বলেন, মাওলানা আবুল হোসেনের সঙ্গে এলাকাবাসীর সম্পর্ক কেবল মসজিদকেন্দ্রিক ছিল না। তিনি সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। দীর্ঘ ২৫ বছর পর তাঁকে বিদায় দেওয়ার সময় আনন্দের চেয়ে আবেগটাই বেশি কাজ করেছে এবং ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানোর এই আয়োজনটি ছিল তাঁর প্রতি স্থানীয়দের গভীর ভালোবাসা ও সম্মানের প্রতীক।

আরেক আয়োজক রবিউল ইসলাম রাব্বি জানান, হুজুরের কাছ থেকে তাঁরা অনেক কিছু শিখেছেন এবং বিভিন্ন সময়ে সঠিক দিকনির্দেশনা পেয়েছেন। তাঁকে এভাবে বিদায় দিতে পেরে তাঁরা যেমন আনন্দিত, তেমনি বিদায়ের এই মুহূর্তে সবাই আবেগ ধরে রাখতে পারেননি।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. জইনুদ্দিন খান বলেন, মাওলানা আবুল হোসেন দীর্ঘদিন অত্যন্ত সুনামের সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন। মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে তাঁর তৈরি হওয়া গভীর আত্মিক সম্পর্কের কারণেই বিদায়ের এই আয়োজনটি এতটা আবেগঘন ও স্মরণীয় হয়ে উঠেছে। মূলত তাঁর প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।