লক্ষ্মীপুর সদর হাসপাতালে ছাত্রদল নেতার হাতে স্বেচ্ছাসেবক দল নেতা লাঞ্ছিত

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেন নিরবকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা শাহেদের বিরুদ্ধে। গত ২৫ অক্টোবর, রবিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে শাহেদ ও তার অনুসারীরা জুয়েলকে চেয়ার দিয়ে মারধর করছেন, পাশাপাশি কিল-ঘুষি ও লাথি মেরে তাকে রক্তাক্ত করা হচ্ছে।

আহত জুয়েল হোসেন নিরব লক্ষ্মীপুর পৌর ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। অন্যদিকে অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রদল সভাপতি এবং পৌর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী। দলীয় সূত্রে জানা গেছে, এর আগে মোবাইল কেনাবেচা নিয়ে এই দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছিল। সেই ঘটনার জের ধরেই হাসপাতালের ভেতরে জুয়েলের ওপর এই হামলা চালানো হয়। প্রাণে বাঁচতে জুয়েল হাসপাতালের ভেতরে আশ্রয় নিলেও সেখানে গিয়ে তাকে মারধর করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরূপচন্দ্র পাল এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তিনি জানান, সিসিটিভি ক্যামেরায় হামলার দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে এবং বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অবহিত করা হয়েছে। তবে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানিয়েছেন, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। তিনি আরও বলেন, হাসপাতালের ভেতরে মারামারির বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।