সড়কে ধানের চারা রোপণ করে গৌরনদীতে অভিনব প্রতিবাদ

বরিশালের গৌরনদী উপজেলায় বেহাল সড়ক সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বছরের পর বছর ধরে সংস্কারহীন পড়ে থাকা খানাখন্দে ভরা রাস্তায় জমে থাকা কাদা-পানিতে ধানের চারা রোপণ করে তাঁরা এই ক্ষোভ প্রকাশ করেন। অভিনব এই প্রতিবাদের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে নিজেদের প্রাত্যহিক চরম দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন ভুক্তভোগীরা।

এই প্রতীকী প্রতিবাদের ঘটনাটি ঘটেছে গৌরনদী পৌরসভার হ্যালিপ্যাড সড়ক এবং বাটাজোর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শৌলকর গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের সাথে সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যালিপ্যাড সড়কটি ১.২৫ কিলোমিটার দীর্ঘ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই সড়কের পিচ ও কার্পেটিং উঠে গিয়ে বর্তমানে কাদা মাটিতে রূপ নিয়েছে। এর ফলে ওই এলাকার অন্তত পাঁচটি গ্রামের মানুষ এবং প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীদের যাতায়াত চরম দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়ক ও কাদা-পানি একাকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মহাসড়কে যাতায়াতের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামের সড়কটির অবস্থাও একই রকম নাজুক। চলতি বর্ষা মৌসুমে সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ফলে জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগী পরিবহন এবং শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ বাসিন্দারা এই প্রতিবাদের পথ বেছে নেন। তাঁরা জানান, তাঁদের এই প্রতিবাদ কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং সড়ক দুটির দ্রুত সংস্কারের দাবিতে। মহাসড়ক ও হাসপাতালে যোগাযোগের এই মূল পথগুলো সচল হলে হাজার হাজার মানুষের দুর্ভোগ কমবে।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানান, বৃষ্টি কমলেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সড়ক দুটি সরজমিনে পরিদর্শনের জন্য পাঠানো হবে। কর্মকর্তাদের দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে দ্রুত সড়ক দুটির সংস্কার কাজ শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।