গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। উত্তপ্ত পরিস্থিতির মুখে এলাকার দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম) সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি ধাওয়া দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আন্দোলনকারীদের ছোঁড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন।
এরপর দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা এবং তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সময় টিভির রিপোর্টার ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়ে তাঁদের ক্যামেরা ভাঙচুর করা হয়। একই ঘটনায় এসএ টিভির একজন ক্যামেরাপারসন পায়ে আঘাত পান।
পরিস্থিতির বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, "আজও শ্রমিকরা বিক্ষোভ করছেন৷ শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানা ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিজিবি, জেলা ও মহানগর পুলিশের সঙ্গে শিল্প পুলিশ কাজ করছেন।"

