কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫ পর্যটক

কক্সবাজারের ইনানীতে অবস্থিত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত এই রিসোর্টে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, নিহতরা সবাই পর্যটক ছিলেন। তবে ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আগুনের তীব্রতায় টুপটুপ রিসোর্টটি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষের সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে সকাল ৮টার দিকে তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।