ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রহকারী হলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ফেনীর সোনাগাজী উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার নাম চূড়ান্ত তালিকায় আসায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল জাবের নামের ওই নেতাকে তথ্য সংগ্রহকারী হিসেবে মনোনীত করার পর উপজেলা প্রশাসনের যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চরমজলিশপুর ইউনিয়নের জাবেরের নাম তালিকায় দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় বাসিন্দারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২ আগস্ট সুপারভাইজার এবং ৪ আগস্ট তথ্য সংগ্রহকারী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৬০০ প্রার্থীর মধ্য থেকে যাচাই-বাছাই করে ১৭৫ জনের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়, যেখানে জাবেরের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে আবদুল্লাহ আল জাবের জানান, তিনি পরীক্ষায় অংশ নিলেও চূড়ান্তভাবে উত্তীর্ণ হবেন—এমনটা আশা করেননি।

এদিকে ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে যুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও। সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, ফ্যামিলি কার্ডের মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ কার্যক্রমে যোগ্যতার পাশাপাশি রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখা অত্যন্ত জরুরি ছিল। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সদস্য কীভাবে এই তালিকায় স্থান পেলেন, তা দ্রুত তদন্ত করা প্রয়োজন।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রকাশিত চূড়ান্ত তালিকার দুজনের বিরুদ্ধে ইতিমধ্যে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।