রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভার এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সাতক্ষীরা থেকে ঢাকাগামী সোহাগ এক্সপ্রেসের বাসে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় জাহিদুল ইসলাম (৫১) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তল্লাশির সময় তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের নেতৃত্বে কোতয়ালী সার্কেলের একটি দল বাসটিতে অভিযান চালায়। বাসের ডি-৯ নম্বর আসনে বসা জাহিদুল ইসলামের সঙ্গে থাকা একটি স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের মধ্যে ESKUF ব্র্যান্ডের ৭৪ বোতল এবং FAIRDYL ব্র্যান্ডের ২৬ বোতল রয়েছে, যার মোট পরিমাণ ১০ লিটার।
উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে ডিএনসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসযোগে এসব ফেনসিডিল ঢাকায় আনা হচ্ছিল। তবে এই মাদকের চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং ঢাকায় কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা নিয়ে তদন্ত চলছে। গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

