রাজধানীর টিকাটুলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুই বাসের পাল্লাপাল্লির কবলে পড়ে রিনা রানী দাস (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওয়ারী থানা পুলিশ জানায়, বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিনা রানী দাস ওয়ারীর কে এম দাস লেনের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর স্বামীর নাম বিশ্বজিৎ ঘোষ, যিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকার বাসিন্দা। নিহতের বড় ছেলে প্রণয় ঘোষ জানান, তাঁর ছোট ভাই নবাবপুর সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। দুপুরে ছোট ভাইকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পথেই টিকাটুলিতে রাস্তা পার হচ্ছিলেন তাঁর মা।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের তথ্যানুযায়ী, রাস্তা পার হওয়ার সময় বন্ধন পরিবহন ও দোয়েল পরিবহনের দুটি বাস একে অপরের সঙ্গে পাল্লাপাল্লি করছিল। এ সময় দোয়েল পরিবহনের বাসটির ধাক্কায় রিনা রানী দাস রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
ওয়ারী থানার এসআই আবু বক্কার জানান, টিকাটুলির ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় দোয়েল ও বন্ধন বাসের চাপায় তিনি গুরুতর আহত হন। তিনি আরও জানান, এই ঘটনায় বাস দুটি এবং সংশ্লিষ্ট চালক ও হেল্পারদের ওয়ারী থানায় হেফাজতে রাখা হয়েছে।

