শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: ডিআইজি মোস্তাফিজুর রহমান

শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। রোববার (৮ নভেম্বর) সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, শ্রমিকদের আবেগকে পুঁজি করে তৈরি পোশাকশিল্প ও রাষ্ট্রকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা পুলিশ বরদাশত করবে না।

ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, বর্তমানে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের কোথাও কোনো নেতিবাচক পরিস্থিতির খবর পাওয়া যায়নি। কারখানাগুলোতে শ্রমিকরা স্বাভাবিকভাবে প্রবেশ করে কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, চলতি মাসের ১ তারিখে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে বোর্ডের প্রথম বৈঠক সম্পন্ন হয়েছে। সাভার-আশুলিয়া এলাকার শ্রমিকদের সঙ্গেও আলোচনা হয়েছে, যেখানে তারা জানিয়েছেন যে চলমান আন্দোলন তাদের নয়। সরকার শ্রমিকদের বেতন ও সুযোগ-সুবিধার বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল ও আন্তরিক বলে তিনি মন্তব্য করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, শ্রমিক একটি সংবেদনশীল বিষয়। তাদের আবেগকে কাজে লাগিয়ে একটি চক্র অশান্ত পরিবেশ তৈরির পায়তারা করছে। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সাভার ও আশুলিয়া এলাকায় এ পর্যন্ত প্রায় ১৫টি মামলা হয়েছে এবং শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার দাবি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোনো শ্রমিক নেই। একইভাবে গাজীপুর ও নারায়ণগঞ্জেও শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা পুলিশ ও পোশাকধারী পুলিশ সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন এবং অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে ডিআইজি বলেন, কেউ যেন তাদের আবেগ ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও জানান, কারখানা, বাসস্থান ও সড়কে পুলিশ শ্রমিকদের পাশে রয়েছে। শিল্পাঞ্চলে পর্যাপ্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, টানা কয়েক দিনের আন্দোলনের পর সাপ্তাহিক ছুটি শেষে রোববার সকাল থেকে সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন কার্যক্রম শুরু করেছেন।