সন্ধ্যা নামার পর রাজধানীজুড়ে শুরু হওয়া প্রবল বর্ষণে জনজীবন ব্যাহত হয়েছে। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচলে ধীরগতি তৈরি হয়েছে, যার ফলে নগরীর প্রধান প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, মগবাজার ও মৌচাকসহ আশপাশের এলাকায় রাতে তীব্র যানজট দেখা দেয়।
বৃষ্টির মধ্যেই রাজধানীর ধানমন্ডি ১২/এ সড়কের আবাহনী মাঠ এলাকায় চার রাস্তার মোড়ে ফুটপাতের একটি গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটে। রাত পৌনে ৮টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সড়কে থাকা তিনটি প্রাইভেটকার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, ঘটনার পর ওই সড়ক দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

