রাজধানীর পরিষ্কার-পরিচ্ছন্নতার বর্তমান অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করতে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকাল ৪টা ৫ মিনিটের দিকে গুলশানের বাসা থেকে বের হয়ে টানা দ্বিতীয় দিনের মতো তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বারবারই ঢাকাকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে আসছেন, যার অংশ হিসেবেই তিনি স্বয়ংক্রিয়ভাবে সরজমিন পরিদর্শনে বের হন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপি’র বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত ও শেওড়াপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এর আগে বৃহস্পতিবার রাতেও প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে একইভাবে গাড়ি চালিয়ে রাজধানীর নাগরিক সেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন। তার এই আকস্মিক পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল রাতের নগর ব্যবস্থাপনা, সড়কবাতি, ফুটপাথ, যান চলাচল, বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রমের বাস্তব চিত্র দেখা। পরিদর্শনের সময় বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহার সময়ও প্রধানমন্ত্রী একইভাবে রাতে রাজধানী পরিদর্শনে বেরিয়েছিলেন। সে সময় কোরবানির পশুর বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল।

