রাজধানীর পল্লবীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সজীব হোসাইন (২২)। তিনি পেশায় একজন গেঞ্জি বিক্রেতা ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সজীবের মামাতো বোন শারমিন জানান, গত বুধবার ভোর সাড়ে চারটার দিকে পল্লবীর কাইল্লার বস্তি এলাকায় একদল ছিনতাইকারী সজীবের ওপর হামলা চালায়। তারা সজীবের পিঠে ও বুকে ছুরিকাঘাত করে এবং তার সাথে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাসায় ফিরিয়ে আনা হয়।
পরবর্তীতে সজীবের শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ১০ সেপ্টেম্বর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ আহমেদ স্বাধীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সজীবের ওপর হামলার ঘটনায় জুয়েল ও জয় নামে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

