নোয়াখালীকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণার দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন একদল আন্দোলনকারী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। এর প্রভাবে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এর আগে, শুক্রবার বিকেল ৩টার দিকে চকবাজারের চক মসজিদ থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা হন। প্রায় ৪৫ মিনিট পর তারা শাহবাগে পৌঁছে সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন। এ সময় তারা নোয়াখালীকে দ্রুত পৃথক বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীদের দাবি, নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বৃহত্তর এলাকার মানুষের নাগরিক সেবা পাওয়ার সুযোগ বহুগুণ বৃদ্ধি পাবে। এদিকে, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা কাজ করছেন এবং পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ নিয়ে কথা বলবেন।

