শেওড়াপাড়ায় বাসের ধাক্কায় রাইড শেয়ারিং চালক নিহত

রাজধানীর শেরেবাংলা নগর থানার শেওড়াপাড়া সড়কে বাসের ধাক্কায় সবুজ রহমান (৩০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি পেশায় রাইড শেয়ারিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা পথচারী সজিব খান জানান, রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে তিনি শেওড়াপাড়া সড়কে একটি জটলা দেখতে পান। স্থানীয় লোকজনের কাছে তিনি জানতে পারেন, রাইড শেয়ারিংয়ের কাজ করা সবুজ মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হিমালয় পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন।

সজিব খান আরও জানান, দুর্ঘটনার পর বাসটির একটি চাকা সবুজের হাতের ওপর দিয়ে চলে যায়। এ সময় তার মাথায় থাকা হেলমেটটিও ভেঙে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এই দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী সামান্য আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনার পরপরই বাসটির চালক ও তার সহকারীকে আটক করেছে। নিহত সবুজ রহমান নীলফামারী জেলার ডিমলা থানার নাটাবাড়ী গ্রামের মশিউর রহমানের ছেলে এবং তিনি মোহাম্মদপুরে বসবাস করতেন।