রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। আগুন দেখার পরপরই বাসের চালক ও হেলপার দ্রুত বাসের সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং বাসটিকে নিরাপদে সরিয়ে নেয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গতকাল রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল।

