ঢামেক হাসপাতালের আটতলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে নিচে লাফিয়ে পড়ে রিয়া (২০) নামের এক তরুণী মারা গেছেন। শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিয়ার বাড়ি পাবনা সদর উপজেলার বাদুর ডাংগি গ্রামে। তার বাবা লতিফ মল্লিক জানান, রিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এই কারণে চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। শুক্রবার ভোরে পরিবারের সবার অজান্তে তিনি হাসপাতালের ওই ওয়ার্ড থেকে নিচে লাফিয়ে পড়েন।

নিয়ার চাচা রফিকুল ইসলাম জানান, এসএসসি পাস করার পর মোবাইল ফোনের মাধ্যমে সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির সঙ্গে রিয়ার বিয়ে হয়। বিয়ের পর তার স্বামী দেশে এসে পুনরায় সিঙ্গাপুরে চলে যান। এরপর থেকেই রিয়া ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। গত কয়েকদিন ধরে তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি পাঁচদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তরুণীর মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।