রাজধানী ঢাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় পদক্ষেপ নিয়েছে সরকার। অপরিকল্পিত নগরায়ণ, অবৈধ দখল ও নানা অবকাঠামোর কারণে বিলুপ্তির পথে বসা ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৫৬টি খাল এবং ৬২টি পুকুর উদ্ধার ও সংরক্ষণের পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। জলাধারগুলো দখলমুক্ত করার পাশাপাশি সীমানা নির্ধারণ করে খালের দুই পাড়ে গাইড ওয়াল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় নদী রক্ষা কমিশন এবং ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ঢাকার মোট ৫৬টি খালের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীনে ২৭টি খাল রয়েছে। তবে অধিকাংশ খালই দখলদারদের পেটে চলে যাওয়ায় স্বাভাবিক পানির প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে শ্যামপুর, মান্ডা, জিরানি ও কালুনগর খাল উদ্ধারে প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। তিনি জানান, জলাধার পুনরুদ্ধারের মূল উদ্দেশ্য নগরের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করা ও পরিবেশ রক্ষা করা। পর্যায়ক্রমে অন্য খালগুলোতেও একই ধরনের উদ্ধার কার্যক্রম চালানো হবে।
দক্ষিণ সিটি করপোরেশন এলাকার উল্লেখযোগ্য খালগুলোর মধ্যে রয়েছে মান্ডা, জিরানি, খিলগাঁও-বাসাব, মেরাদিয়া-গজারিয়া, নন্দীপাড়া, ধোলাইখাল, শ্যামপুর, রায়েরবাজার, সেগুনবাগিচা ও গোপীবাগ খাল। অন্যদিকে উত্তর সিটির অধীনে থাকা প্রধান খালগুলোর মধ্যে রয়েছে কল্যাণপুর, রূপনগর, বাউনিয়া, দিয়াবাড়ি, আব্দুল্লাহপুর, ইব্রাহিমপুর, কাটাসুর, রামচন্দ্রপুর, বেগুনবাড়ী, মহাখালী, শাহজাদপুর, ধউর ও সুতিভোলা খাল। ঢাকার এসব খালের মধ্যে প্রাথমিক দফায় ১০টি খাল পুনরুদ্ধারের কাজ চলমান রয়েছে।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খালের জায়গা দখল করে সেখানে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি, বহুতল ভবন, দোকানপাট, বিপণিবিতান, কারখানা ও গুদাম। এমনকি কোথাও কোথাও খালের জমি ভরাট করে গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ তৈরি করা হয়েছে। এসব অবৈধ স্থাপনার কারণেই খালের আয়তন দিন দিন সংকুচিত হয়ে স্বাভাবিক পানিপ্রবাহ অবরুদ্ধ হয়ে পড়েছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাবরিন সুলতানা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খালে বর্জ্য ফেলে পানি দূষিত করলে কিংবা পরিবেশের ক্ষতিসাধন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম সোহাগ খালের পথ বন্ধ হওয়ার মাশুল সম্পর্কে বলেন, জলাপ্রবাহের পথ অবরুদ্ধ হয়ে পড়ায় বৃষ্টির পানি ও বর্জ্য নদীতে পৌঁছাতে পারছে না, যার ফলে সামান্য বৃষ্টিতেই রাজপথে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। উচ্ছেদ অভিযানের পর পুনরায় যেন উচ্ছেদকৃত জায়গা দখল না হয়, সেজন্য নিয়মিত তদারকি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। অতীতে নজরদারির অভাবে উদ্ধার হওয়া অনেক জায়গা আবারও দখল হয়ে যাওয়ার নজির রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, খাল উদ্ধার প্রক্রিয়া জোরদার করতে ভূমি প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, ঢাকা জেলা প্রশাসন এবং ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে। এই কার্যক্রমের আওতায় জমির স্বত্ব ও মালিকানা যাচাই, সঠিক সীমানা নির্ধারণ, উচ্ছেদ অভিযান পরিচালনা এবং উদ্ধারকৃত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি অবৈধ ভবন ও নিয়মবহির্ভূত আবাসন প্রকল্পের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ঢাকার এসব খাল ও পুকুর পুরোদমে পুনরুদ্ধার করা সম্ভব হলে বর্ষাকালে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হবে এবং এতে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণও বাড়বে। এ ছাড়া জলাধারগুলো জলজ প্রাণী ও পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে কাজ করবে এবং জরুরি প্রয়োজনে পানির বিকল্প উৎস হিসেবে ব্যবহার করা যাবে। একই সঙ্গে খালের দুই পাশে সবুজায়ন ও হাঁটার উপযোগী পরিবেশ গড়ে তোলা সম্ভব হলে তা নগরের অতিরিক্ত তাপমাত্রা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

