ডেমরায় বোমা উদ্ধার, কারাপালানো জঙ্গিসহ গ্রেপ্তার ২

রাজধানীর ডেমরা থেকে দুটি হাতবোমা উদ্ধারের ঘটনায় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া এক জঙ্গিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) বিকেলে ডেমরার সারুলিয়া এলাকার পশ্চিম বক্সনগরে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ওই জঙ্গির নাম জুয়েল ভূঁইয়া ওরফে ওস্তাদ। পুলিশ জানিয়েছে, জুয়েল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির আলোচিত বোমার কারিগর নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বোমা উদ্ধার এবং পুলিশের ওপর হামলার ঘটনার তদন্তের সূত্র ধরে ডেমরার সারুলিয়া এলাকার পশ্চিম নিঝুমবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী কারাগারে দাঙ্গার পর যে নয়জন জঙ্গি পালিয়ে গিয়েছিলেন, জুয়েল ভূঁইয়া ছিলেন তাদেরই একজন। অবশ্য পালিয়ে যাওয়ার ছয়দিন পর ২৫ জুলাই তিনি আবার নরসিংদী জেলা পুলিশের হাতে ধরা পড়েন। পরবর্তীতে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, সেপ্টেম্বর মাসের দিকে তিনি জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন।

ডিএমপির ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহসিন মাসুদ জানান, বোমারু মামুনের সহযোগী জুয়েল ওই এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও এটিইউ যৌথ অভিযান চালায়। অভিযানে তার কাছ থেকে হাতে তৈরি দুটি বোমা উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরেকজনকেও আটক করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার ও আটক হওয়া ওই দুই যুবককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।