হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি ঠেকাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) ধারাবাহিক তিনটি অভিযান চালিয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম এবং বিদেশি মদ জব্দ করা হয়েছে। সব মিলিয়ে আটক করা পণ্যের সম্মিলিত শুল্কায়নযোগ্য ও বাজারমূল্য ৯০ লাখ ১৬ হাজার টাকা এবং প্রযোজ্য শুল্ক-কর ৮৭ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা। শুল্ক-করসহ আটক পণ্যের মোট মূল্য ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা।
সর্বশেষ সোমবার (১৭ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের এ-শিফট দুবাই থেকে আসা ইকে৫৮২ ও ইকে৫৮৬ ফ্লাইটে অভিযান চালায়। এতে তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টুন সিগারেট, ৯ কেজি নিষিদ্ধ ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ পাওয়া যায়। সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা এবং ৪২ লাখ ২২ হাজার ৮০০ টাকা শুল্ক-কর ধরা হয়েছে। এছাড়া মদের শুল্কায়নযোগ্য মূল্য ২০ হাজার টাকা এবং ১ লাখ ২২ হাজার ৬০ টাকা শুল্ক-কর প্রযোজ্য। এই অভিযানে জব্দ পণ্যের মোট মূল্য ৫২ লাখ ২৪ হাজার ৮৬০ টাকা।
এর আগে গত ১১ আগস্ট দুবাই থেকে আসা বিজি১৪৮ ফ্লাইটে সিআইডির এ-শিফট অভিযান চালিয়ে ১৭৯ কার্টুন সিগারেট এবং ৫২ কেজি নিষিদ্ধ ক্রিম আটক করে। সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৭ লাখ ১৬ হাজার টাকা এবং ৪৪ লাখ ৪৬ হাজার ৩৬০ টাকা শুল্ক-কর ধার্য করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ ক্রিমের শুল্কায়নযোগ্য মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে এই অভিযানের জব্দ পণ্যের মূল্য ৬২ লাখ ২ হাজার ৩৬০ টাকা।
সোমবার সিআইআইডি জানায়, তিন অভিযানে সব মিলিয়ে আটক করা হয়েছে ৩৪৯ কার্টুন বিদেশি সিগারেট, ৩৮০ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ। প্রদত্ত হিসাব অনুযায়ী পণ্যগুলোর সম্মিলিত শুল্কায়নযোগ্য/বাজারমূল্য ৯০ লাখ ১৬ হাজার টাকা এবং নির্ধারিত পণ্যগুলোর প্রযোজ্য শুল্ক-কর ৮৭ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা। সে হিসাবে শুল্ক-করসহ আটক পণ্যের সম্মিলিত মূল্য দাঁড়ায় ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা।
আটক সিগারেটের শুল্কায়নযোগ্য মূল্য ৬ লাখ ৮০ হাজার টাকা এবং ৬২১% হারে প্রযোজ্য শুল্ক-কর ৪২ লাখ ২২ হাজার ৮০০ টাকা। বিদেশি মদের শুল্কায়নযোগ্য মূল্য ২০ হাজার টাকা এবং ৬১০.৩০% হারে শুল্ক-কর ১ লাখ ২২ হাজার ৬০ টাকা। এছাড়া নিষিদ্ধ ক্রিমের বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

