রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে, মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দফায় দফায় হওয়া সেই সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।
বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর থেকেই আলিয়া মাদ্রাসা এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বেলা তিনটার দিকে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও ছাত্রদল কর্মীরা মাদ্রাসার বাইরে এবং শিবিরের নেতা–কর্মীরা মাদ্রাসার ভেতরে অবস্থান নেন। পরবর্তীতে বিকেল সোয়া ৫টার দিকে উভয় পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হয়।

