রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. আবুল কাশেম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কাশেমকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাদিয়া আক্তার জানান, বিকেলে তারা কয়েকজন বন্ধু মিলে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। হানিফ ফ্লাইওভারে ওঠার পর তারা রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন, যার পাশেই মোটরসাইকেলটি ছিল। মাথায় গুরুতর আঘাত পাওয়া ওই ব্যক্তিকে তারা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
নিহতের নাতি সোয়াত জানান, তার দাদা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে তার বৃদ্ধা মাকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় ফেরার পথে ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেমের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানা এলাকায় এবং তার বাবার নাম ফজলুল হক। তিনি পরিবার নিয়ে রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকার ১২৫৮ নং বাসায় বসবাস করতেন। শেওড়াপাড়ায় তার একটি রোড-সিমেন্টের দোকান ছিল। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

