পটুয়াখালীর দশমিনায় নিজের দেড় বছরের শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মারুফ মুন্সি (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত বাবাকে ঢাকা থেকে আটক করেছে দশমিনা থানা-পুলিশ। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকা থেকে বিক্রি করে দেওয়া শিশু মুসাকে উদ্ধার করা হয়। গত রবিবার (৩০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক ও শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মারুফ ও তার স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয় এবং তারা আলাদা থাকা শুরু করেন। গত প্রায় এক মাস ধরে শিশুটিকে তার দাদি লালন-পালন করছিলেন। গত শনিবার সকালে মারুফ তার সন্তানকে ঘোরানোর কথা বলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, ঢাকায় কর্মরত মারুফের সহকর্মী ইমরান হোসেনের শ্বশুরের কাছে শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শিশুটিকে বিক্রির জন্য এক লাখ টাকা দাম নির্ধারণ করা হয়। এর মধ্যে অগ্রিম হিসেবে ৫২ হাজার টাকা নেন মারুফ। সেই অগ্রিম টাকা দিয়ে তিনি দশমিনা বাজার থেকে একটি আইফোন কেনেন। তবে সন্তান বিক্রির এই অভিযোগ অস্বীকার করেছেন মারুফ মুন্সি। পুলিশ হেফাজতে তিনি দাবি করেন, প্রায় এক মাস আগে তার স্ত্রী সন্তানকে রেখে চলে যান। স্ত্রীর সিজারিয়ান অপারেশনের খরচসহ স্থানীয়ভাবে তার বেশ কিছু দেনা তৈরি হয়েছিল। এই ঋণ শোধ করতে এবং সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে সহকর্মী ইমরান ও তার শ্বশুরের কাছে লালন-পালনের জন্য দিতে লিখিত চুক্তির মাধ্যমে ৫২ হাজার টাকা নিয়েছেন। আর এই টাকা দিয়েই তিনি আইফোনটি কেনেন।
এদিকে শিশুটির সার্বিক নিরাপত্তা ও সহায়তার জন্য এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন। সোমবার সকালে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির জন্য নতুন জামা-কাপড়, খেলনা ও শুকনো খাবার উপহার দেন। পাশাপাশি দশমিনা বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান 'সনিরেংস'-এর স্থানীয় শাখার পরিচালক মো. জাহিদুল ইসলাম শিশুটির সহায়তায় নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। ইউএনও জানান, শিশুটির দাদা-দাদির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় শিশুটির ভবিষ্যতের জন্য একটি ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত বাবাকে আটক করে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের না করায় আইনগত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে কিছুটা জটিলতা রয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

