টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, এমপির বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়াম এলাকায় পুলিশ একটি চেকপোস্ট বসায়। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে এবং কয়েকটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। আটকের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয় এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হলে সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। স্থানীয়দের দাবি, এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন, তবে হতাহতের সঠিক সংখ্যা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে সরে যায় এবং বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে। সেখানে পুলিশের সঙ্গে পুনরায় উত্তেজনার সৃষ্টি হয় এবং কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। থানায় আটক ব্যক্তিদের বের করে নিয়ে যাওয়ার অভিযোগের পাশাপাশি থানায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। রাত সাড়ে ৯টা পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়।

থানায় অগ্নিসংযোগের পর বিক্ষোভকারীদের একটি অংশ পাটগাতী এলাকায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা চালায়। সেখানে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত সংসদ সদস্যের বাড়িতেও আগুন জ্বলছিল। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এদিকে একই সময়ে পাশের কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচি পালন করতে দেখা গেছে। তারা উপজেলার বিভিন্ন এলাকায় মিছিল ও পথসভা করেন এবং আগামী ১৯ নভেম্বর দলীয় কার্যালয় খোলার ঘোষণা দেন। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের ফটকে আগের নাম সম্বলিত ব্যানারও স্থাপন করেন তারা। এছাড়া সন্ধ্যা ৭টার দিকে কোটালীপাড়া থানা থেকে ৩০০ গজ দূরে একটি তোরণে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও এর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া যায়নি।

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিজিবি, এসআরবি ও পুলিশের টহল অব্যাহত রয়েছে। তবে টুঙ্গিপাড়ার ঘটনায় জেলার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।