মাদকের টাকা জোগাতে ৫ শিশু বিক্রির অভিযোগ কটিয়াদীতে

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া গ্রামে মাদকের টাকা জোগাড় করার লক্ষ্যে পাঁচটি শিশু সন্তান বিক্রির এক ভয়াবহ অভিযোগ উঠেছে। শুক্রবার ১১ সেপ্টেম্বর সরেজমিনে গিয়ে জানা যায়, মাদকের বিস্তার ও দারিদ্র্যের জাঁতাকলে পড়ে জন্মদাতা মা-বাবাই নিজেদের সন্তানদের টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, এই অমানবিক কর্মকাণ্ডে জড়িত চার পরিবারের সদস্যরা হলেন দুলাল মিয়ার ছেলে জাকির হোসেন ও তার স্ত্রী ফারজানা, যারা ৬০ হাজার টাকায় নিজেদের সন্তানকে বিক্রি করেছেন। এছাড়া সাদ্দাম হোসেন তার দুই স্ত্রীর দুই সন্তানকে ১ লাখ ৫০ হাজার ও ২০ হাজার টাকায়, আসাদ মিয়া ৭৭ হাজার টাকায় এবং মৃত মফিজ উদ্দিনের ছেলে আসাদ মিয়া ২ লাখ টাকায় নিজেদের সন্তানদের বিক্রি করে দিয়েছেন। এলাকাবাসীর দাবি, বিক্রি হওয়া এসব শিশুকে পরবর্তীতে অন্যত্র হাতবদল করা হয়েছে, যা শিশুদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। এমনকি শিশু সন্তানদেরও মাদকের সংস্পর্শে আনার গুরুতর অভিযোগ রয়েছে।

থানা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বের মধ্যে এমন কর্মকাণ্ড চললেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, এই পরিস্থিতির কারণে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জালালপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উত্তর চরপুক্ষিয়া গ্রামে মাদকের ছোবল ভয়াবহ রূপ নিয়েছে। মাদক সেবনের টাকার জন্য বিভিন্ন সময়ে পাঁচটি শিশু সন্তান বিক্রির বিষয়টি তিনি শুনেছেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় কাজ করবেন বলে জানান।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি জানার পর পুলিশ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। প্রশাসন মাদক নির্মূল ও শিশু বিক্রির এই ঘটনাটির বিষয়ে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে।