মাদরাসা থেকে নিখোঁজ শিশুর মরদেহ মিলল নবনির্মিত ঘরের পাশে

নোয়াখালীর বেগমগঞ্জে সাত বছরের শিশু তাইফা ইনহাম নুহার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের মধ্যে তীব্র শোক ও ক্ষোভ বিরাজ করছে। গত ৯ নভেম্বর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের দক্ষিণ নয়নপুর গ্রামের ইকবাল হোসেন সুমনের মেয়ে নুহা তার বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদরাসায় গিয়েছিল। সে পাশের সদর উপজেলার মহতাপুর তালিমুল কোরআন নুরানী মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের তথ্যমতে, ঘটনার দিন টিফিনের বিরতিতে বাড়ি ফিরে দুপুরের খাবার খেয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আবারও মাদরাসায় যায় নুহা। মাদরাসা ছুটির পর বড় ভাই ইয়াছিন আরাফাত ছোট বোনকে মাঠে দাঁড় করিয়ে ওয়াশরুমে যান। ফিরে এসে বোনকে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। বাড়িতেও খোঁজ নেওয়া হয়, কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। নিখোঁজের প্রায় ১০ মিনিট পর খবর পাওয়া যায় যে, মাদরাসার পাশেই জসিম উদ্দিনের একটি নবনির্মিত ঘরের পাশে নুহার নিথর দেহ পড়ে আছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নুহার মা নাসরিন আক্তার ও বাবা ইকবাল হোসেন সুমন এটিকে স্বাভাবিক মৃত্যু নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন। তাদের দাবি, থানায় অভিযোগ জানাতে গিয়েও তারা শুরুতে গড়িমসির শিকার হয়েছেন। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ঘটনার দিন মাদরাসায় নুহার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন মাদরাসার পরিচালক মাওলানা আহসান উল্লাহ। তিনি জানান, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাসে নুহার উপস্থিতি থাকলেও দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সে ক্লাসে ছিল না। মাদরাসা কর্তৃপক্ষও ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে এবং বিচারের দাবি জানিয়েছে।

এদিকে স্থানীয়রা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। তারা মরদেহের অবস্থান এবং শিশুটির হাতের মুঠোয় চুল পাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানানোর পাশাপাশি কোনো আলামত নষ্টের চেষ্টা হয়েছে কি না তা খতিয়ে দেখার আহ্বান জানান। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ গোপনে ও প্রকাশ্যে তদন্ত চালাচ্ছে এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।