কুষ্টিয়ায় পারিবারিক কলহে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের বাদাল পাড়ায় পারিবারিক কলহের জেরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই ইমদাদুল বাদাল (৫০) নির্মমভাবে খুন হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির রাস্তার সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। রবিবার সন্ধ্যায় এই বিরোধকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ইমদাদুলের ওপর চড়াও হয়ে তার আপন বড় ভাই বজলু ও তার ভাতিজা ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই ইমদাদুলের মৃত্যু হয়।

হামলা ঠেকাতে গিয়ে আরও দুইজন মারাত্মকভাবে জখম হন। আক্রমণকারীদের হাসুয়ার কোপে তাদের একজনের পেট কেটে ভুঁড়ি বেরিয়ে আসে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।