শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি পিসি গার্ডার ব্রিজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ময়মনসিংহ অঞ্চলের পল্লী উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় নির্মিত এই ব্রিজটির উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল আশরাফ এবং উপজেলা প্রকৌশলী মো. শরাফ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রিজ উদ্বোধনের পর এমপি ফাহিম চৌধুরী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
স্থানীয়দের মতে, পশ্চিম সন্নাসীভিটা এলাকায় নির্মিত এই ব্রিজটির ফলে দক্ষিণ সন্নাসীভিটাসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এছাড়া পোড়াগাঁও ইউনিয়নের চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলের সময় নদী উপচে বা বাঁধ ভেঙে প্লাবিত বন্যার পানি দ্রুত এই ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হতে পারবে, যা এলাকাটিকে বন্যার ঝুঁকি থেকে অনেকাংশে রক্ষা করবে।

