ভোলার মেঘনায় জেলের জালে আড়াই কেজির ‘রাজা ইলিশ’

ভোলার সাগরমোহনায় জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বড় আকৃতির ইলিশ, স্থানীয়ভাবে যেটিকে ‘রাজা ইলিশ’ বলা হচ্ছে। শুক্রবার সকালে মাছটি ভোলার ইলিশা তালতলি মৎস্যঘাটে আনা হলে সেটি দেখতে জেলে, মাছ ব্যবসায়ী ও উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে নিলামে মাছটির দাম ওঠে ১২ হাজার ৯০০ টাকা।

জানা গেছে, শুক্রবার সকালে নাগর হাজারির আড়তে আড়াই কেজি ওজনের ইলিশটি নিয়ে আসেন জেলে মিরাজ মাঝি। নিলামে মাছটি ১২ হাজার ৯০০ টাকায় কিনে নেন ইলিশা বিশ্বরোড ঘাটের মাছ ব্যবসায়ী লোকমান ব্যাপারী। পরে বেশি দামে বিক্রির আশায় মাছটি ঢাকায় পাঠানোর কথা জানান তিনি। জেলে মিরাজ মাঝি জানান, বুধবার দুপুরে সাগরের মোহনায় মাছটি তাঁর জালে ধরা পড়ে। এত বড় ইলিশ সচরাচর ধরা পড়ে না।

মাছ ব্যবসায়ী লোকমান ব্যাপারী বলেন, ঘাটে উপস্থিত প্রায় সব আড়তদারই মাছটি কেনার জন্য নিলামে অংশ নেন। শেষ পর্যন্ত তিনি ১২ হাজার ৯০০ টাকা দিয়ে মাছটি কিনেছেন। ঢাকায় মাছটি আরও ভালো দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি। আড়তদার নাগর হাজারি বলেন, তাঁদের ঘাটে মাঝেমধ্যে বড় আকারের ইলিশ আসে। তবে এ মৌসুমে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় ইলিশ বলে জানান তিনি। নিলামে অংশ নেওয়া জসিম হাজারি বলেন, এ বছর ঘাটে আসা সবচেয়ে বড় ইলিশ এটি।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন বলেন, মৌসুমের শেষ দিকে নদী ও সাগরে বড় ইলিশ ধরা পড়া ভালো লক্ষণ। বড় ইলিশ সাধারণত বেশি ডিম দেয়। ফলে বড় ইলিশের সংখ্যা বাড়লে ভবিষ্যতে ইলিশের উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তিনি আরও বলেন, ধরা পড়া ইলিশটির বয়স আনুমানিক দুই থেকে আড়াই বছর হতে পারে। সামনে ইলিশের প্রজনন মৌসুম। এ সময়ে বড় ইলিশ নদীতে আসার প্রবণতা দেখা যায়। মেঘনার ইলিশ শুধু একটি মাছ নয়; উপকূলীয় অঞ্চলের জেলেদের জীবন-জীবিকা, ঐতিহ্য ও আবেগের সঙ্গে এটি গভীরভাবে জড়িয়ে আছে। উত্তাল নদী ও সাগরে জীবনের ঝুঁকি নিয়ে জাল ফেলেন জেলেরা। কখনো সেই জালেই উঠে আসে এমন বড় আকৃতির ‘রাজা ইলিশ’, যা মুহূর্তেই ঘাটজুড়ে তৈরি করে উৎসবের আমেজ।