দ্বীপ জেলা ভোলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজতর করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ফেরিঘাট এলাকায় কাঁচপুর-ভোলার ইলিশা নৌপথে সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এই সার্ভিসটির উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, ভোলা দীর্ঘদিন ধরে মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে সরাসরি স্থলপথে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে। জনসাধারণের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে এই দীর্ঘমেয়াদী প্রকল্পের আগেই পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বর্তমানে এই রুটে দুটি ফেরি চলাচল করছে।
পরীক্ষামূলকভাবে ২৭ আগস্ট থেকে চালু হওয়া এই সার্ভিসটি স্থানীয় ব্যবসায়ী, ট্রাকচালক এবং সাধারণ যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি প্রতিদিন উভয় প্রান্ত থেকে যাত্রা করছে এবং এতে সময় লাগছে প্রায় আট ঘণ্টা। মন্ত্রী জানান, কয়েকদিনের অভিজ্ঞতায় দেখা গেছে যাত্রী, ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও পণ্যবাহী ট্রাকসহ মানুষের মধ্যে এই রুটের প্রতি আগ্রহ অনেক বেশি। তাই ফেরির সংখ্যা বাড়ানো, সেবার মান উন্নয়ন, শৃঙ্খলা নিশ্চিত করা এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে।
একই সঙ্গে ঢাকার চক্রাকার নৌরুট ও ওয়াটার বাস সার্ভিসকে আরও যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। নির্দিষ্ট সময়ে যাত্রা, আরামদায়ক পরিবেশ এবং নৌপথের সঙ্গে সড়ক যোগাযোগ নিশ্চিত করা গেলে এই রুটগুলো জনপ্রিয় হবে এবং লোকসান কমানো সম্ভব হবে। এছাড়া বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ এবং সেতুর আশপাশে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারীসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

