মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরুলী এলাকায়। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। বিজিবির তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে কুলাউড়া থানায় চোরাকারবারের একটি মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, শনিবার রাতে তারা মিয়াসহ ৪ থেকে ৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের টহল দল তাদের গতিরোধ করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। পরে তার সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, এই ঘটনার বিস্তারিত তথ্য জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।

