৬০ লাখ সদস্যের ডাটাবেজ তৈরি ও এআই প্রযুক্তিতে আনসার-ভিডিপি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংস্কার ও রূপান্তরের দুই বছর পূর্তি উপলক্ষে সফিপুরের আনসার-ভিডিপি একাডেমিতে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আয়োজিত এই অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গত দুই বছরের বিভিন্ন উন্নয়নমূলক এবং সংস্কার কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। মহাপরিচালক জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাহিনীকে আরও দক্ষ, আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে মানবসম্পদ ব্যবস্থাপনায় অর্জিত বড় মাইলফলক হিসেবে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে একটি সুনির্দিষ্ট ডাটাবেজের আওতায় নিয়ে আসার কথা জানান মহাপরিচালক। এই প্রযুক্তিগত রূপান্তরের অংশ হিসেবে সদস্য মোতায়েন, তথ্য সংরক্ষণ এবং বেতন-ভাতা ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাল করা হয়েছে। এছাড়া বাহিনীর কার্যক্রম সহজতর করতে 'আনসার-ভিডিপি জব পোর্টাল' চালু করা হয়েছে।

প্রশিক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় সাড়ে চার লক্ষাধিক নতুন তরুণ সদস্যকে বহুমুখী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ নির্বাচন ছাড়াও যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা ও যুদ্ধকালীন ভূমিকা পালনে কার্যকর হবে। পাশাপাশি অঙ্গীভূত আনসারদের দীর্ঘদিনের কষ্ট লাঘবে 'রেস্ট প্রথা' বাতিলের প্রক্রিয়া এবং চাকরি শেষে গ্র্যাচুয়িটি ফান্ড পাওয়ার বিষয়টি চলমান রয়েছে। ব্যাটালিয়ন আনসারদের দক্ষতা বাড়াতে সেনাবাহিনীর সাথে যৌথ প্রশিক্ষণও অব্যাহত রাখা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও মেধানীতি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়ে মহাপরিচালক বলেন, দুর্নীতি বা দালালির বিরুদ্ধে বাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এছাড়া ভিডিপি ও টিডিপি সদস্যদের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ, অগ্নিনির্বাপণ, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং কোরবানির চামড়া সংরক্ষণের মতো প্রান্তিক উন্নয়নমূলক কাজগুলো আরও জোরদার করা হয়েছে। সভায় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এবং একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট উপমহাপরিচালক মোঃ সাইফুল্লাহ্ রাসেলসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।