ভোলার লালমোহনে অনুমোদন ছাড়াই শত শত সরকারি গাছ কাটলেন যুবদল নেতা

ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে ঘিরে প্রশাসনিক অনুমোদন ও দরপত্র প্রক্রিয়া শেষ হওয়ার আগেই প্রায় ৫০ লাখ টাকা মূল্যের চার শতাধিক সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় উপজেলার কর্তারহাট থেকে রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক প্রশস্ত করার কাজ চলছে। এই সড়কের দুই পাশের গাছ কেটে সাবাড় করার মূল অভিযোগ রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে, যিনি স্থানীয় রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবেও কর্মরত।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, দরপত্র চূড়ান্ত হওয়ার আগেই ওই সড়ক থেকে রেইনট্রি, মেহগনি ও চাম্বুলসহ বিভিন্ন প্রজাতির চার শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। কেটে ফেলা গাছের একটি বড় অংশ রাতের আঁধারে কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় এবং বাকি গাছ স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছে। গাছ কাটার প্রমাণ লুকাতে অনেক গাছের গোড়া সড়কের কাজের মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং কিছু গাছ গোড়াসহ উপড়ে ফেলা হয়েছে। এছাড়া কিছু গাছ স্থানীয় মো. মনিরের স্ব-মিলে রেখে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ প্রসঙ্গে স্ব-মিল মালিক মো. মনির জানান, যুবদল নেতা জসিম মাস্টার ও তার সহযোগী মাসুম বিল্লাহর কথামতো তিনি কেবল গাছ কাটার শ্রমিক ঠিক করে দিয়েছিলেন, নিজে কোনো গাছ কাটেননি। অন্যদিকে গাছ কাটার শ্রমিক মো. মামুন জানান, তিনি পারিশ্রমিকের বিনিময়ে জসিম মাস্টারের নির্দেশে কর্তারহাট-রমাগঞ্জ সড়কের পাশ থেকে গাছগুলো কেটেছেন। অভিযুক্ত জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার সহযোগী হিসেবে অভিযুক্ত মাসুম বিল্লাহ দাবি করেন, কর্তারহাট-রমাগঞ্জ সড়কের ৪৮টি গাছ তারা ১ লাখ ৮৬ হাজার টাকায় দরপত্রের মাধ্যমে পেয়েছেন এবং কেবল সেই গাছগুলোই কাটা হচ্ছে।

সড়কের পাশের গাছগুলোর মালিকানা নিয়ে জটিলতার কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান। তিনি বলেন, গাছগুলোর মালিকানা নিয়ে বিভ্রান্তি থাকায় বন বিভাগের সঙ্গে আলোচনা চলছে। তবে সড়ক থেকে গাছ কাটার বিষয়টি জানতে পেরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন। অন্যদিকে উপজেলা রেঞ্জ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ইউএনওর নির্দেশনা অনুযায়ী সরেজমিন পরিদর্শন করে সড়ক প্রশস্তকরণের জন্য ২৪টি গাছ কাটার প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয় এবং দরপত্র মূল্য নির্ধারণ করে ইউএনও কার্যালয়ে চিঠি দেওয়া হয়। কাটা পড়া গাছগুলো বন বিভাগের মালিকানাধীন নয় বলেও জানান তিনি।

সরকারি নিয়ম অনুযায়ী একটি গাছ কাটলে পাঁচটি গাছ রোপণের বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, প্রশাসনিক অনুমোদন ও দরপত্রের চুড়ান্ত প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। তবে সড়ক থেকে বেআইনিভাবে গাছ কেটে নেওয়ার বিষয়ে ১০ থেকে ১২ দিন আগে একটি লিখিত অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেন তিনি। লিখিত অভিযোগ পাওয়ার পরও প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।