সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারা যাওয়া ১৭ বাংলাদেশির মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। রোববার (৯ আগস্ট) রাতে নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
শনাক্ত হওয়া ১০ জন হলেন নওগাঁর কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের গুফফার প্রামাণিক এবং তার দুই ছেলে মহুন প্রামাণিক ও সুমন প্রামাণিক, জাননার ছেলে রুবেল হোসেন, ফজলুর ছেলে কলি প্রামাণিক, সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ, বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন, চঞ্চলের ছেলে হাসিবুল হসান শুভ, মৃত রুহুলের ছেলে সুমন এবং পাচুপুর ইউনিয়নের পারকসুন্দা গ্রামের জলিল।
প্রাথমিক তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি ৫ জন নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, তিনি সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কিছু বাংলাদেশি নিহতের খবর পেয়েছেন। তবে নওগাঁ বা অন্য জেলার কতজন নিহত হয়েছেন তার সঠিক সংখ্যা আগামীকাল সকালে নিশ্চিত করা যাবে। এই ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

