রাজধানীর বঙ্গবাজার মোড়ে তীব্র যানজট চলাকালে মোটরসাইকেলে বসে পথ খুঁজছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানজীর হোসাইন। সড়কের দুই পাশে সারি সারি বাসের কারণে চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে দায়িত্বরত এক পুলিশ সদস্যের কাছে তানজীর জানতে চেয়েছিলেন, সড়কে কেন বাস পার্কিং করা হচ্ছে। জবাবে সেই পুলিশ সদস্য তানজীরকে বলেন, ‘আমরা পারি না, আপনি একটু বাইক থেকে নাইম্যা বাসগুলো সরায়া দ্যান।’ গত ৩১ আগস্ট দুপুরের এই কথোপকথনের সময় প্রতিবেদক সেখানে উপস্থিত ছিলেন। তানজীর হোসাইন পরে জানান, সড়কের এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে পুলিশের গা–ছাড়া বক্তব্যে তিনি হতাশ হয়েছেন।
বঙ্গবাজার থেকে গুলিস্তান মোড় পর্যন্ত প্রায় ৭০০ মিটার সড়কের দুই পাশ কার্যত বাসের স্থায়ী পার্কিংয়ে পরিণত হয়েছে। শুধু বাস দাঁড়িয়ে থাকাই নয়, এই পার্কিং নিয়ন্ত্রণে সেখানে লাইনম্যানও রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করলেও দিনের পর দিন অবৈধ পার্কিং বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নেই। গত ২ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে দেখা যায়, মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের নিচে বঙ্গবাজার থেকে গুলিস্তান পর্যন্ত দুই লেনে অন্তত ৭৪টি বাস পার্কিং করা ছিল। কোন বাস কোথায় দাঁড়াবে, সেটিও নিয়ন্ত্রণ করতে দেখা যায় কয়েকজনকে, যারা স্থানীয়ভাবে লাইনম্যান হিসেবে পরিচিত।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার এহসানুল কামরান তানভীর বলেন, ‘বাস পার্কিংয়ের কারণে এই এলাকায় যানজটের সৃষ্টি হয়। মাঝে ডিসি স্যার এটা বন্ধ করেছিলেন। তবে আবার বাস পার্কিং শুরু হয়েছে।’ তিনি জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী চার মাসের মধ্যে এই এলাকার বাস টার্মিনাল স্থানান্তর করা হবে।
সড়কে অবৈধ পার্কিংয়ের কারণে ব্যক্তিগত বাহন ব্যবহারকারীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। বেসরকারি চাকরিজীবী শাহাদাত হোসেন জানান, গুলিস্তানে মোটরসাইকেল রেখে টয়লেটে গিয়েছিলেন তিনি। ফিরে আসার পর বাস পার্কিংয়ের লাইনম্যান খাইরুল ও অন্য একজন তাঁর সঙ্গে মারমুখী আচরণ করেন এবং টাকা দাবি করেন। পরিচয় দেওয়ার পরও তাঁরা অকথ্য ভাষায় গালিগালাজ করে দাবি করেন যে, সড়কটি তাদের বাস পার্কিংয়ের জায়গা।
গুলিস্তান এলাকাটি শুধুমাত্র বাস টার্মিনালকেন্দ্রিক নয়, এটি রাজধানীর অন্যতম বড় পাইকারি বাণিজ্যকেন্দ্র। ফুলবাড়িয়া টার্মিনাল দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ১৭ জেলার যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। পদ্মা সেতু চালুর পর থেকে এই রুটে বাসের চাপ বেড়েছে। স্থানীয় জাকের সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী হায়দার আলী বলেন, ‘মার্কেটের সামনের সড়কে বাস পার্কিং করে রাখায় যানজট তৈরি হয়। এতে ক্রেতারা ভোগান্তিতে পড়েন, আমরাও সমস্যায় থাকি। এটার একটা স্থায়ী সমাধান হওয়া জরুরি।’
যানজট নিরসনে গত ১৫ জুন এবং ২৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলবাড়িয়া-গুলিস্তানসহ চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া টার্মিনাল কেরানীগঞ্জে সরিয়ে নেওয়া হবে। দীর্ঘমেয়াদী প্রকল্পের অংশ হিসেবে আগামী চার মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী টার্মিনাল নির্মাণেরও সিদ্ধান্ত হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এই কার্যক্রম বাস্তবায়নের কথা রয়েছে। এছাড়া বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ একটি প্রতিবেদন দিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি দলকে ১৫ দিনের সময়ও দেওয়া হয়েছে।

