ফেনীতে বাস-কাভার্ডভ্যান-লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

শুক্রবার ৪ সেপ্টেম্বর সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে ফেনীর মুহুরীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা ঘটেছে। ছাগলনাইয়া থানার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটা এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে ছিল। সেটিকে সরিয়ে নেওয়ার জন্য একটি লরির সঙ্গে বেঁধে টানা হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক, হেলপার এবং ইউনিক পরিবহনের বাসচালক নিহত হন।

দুর্ঘটনার পর আহত ব্যক্তি এবং নিহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ফাজিলপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই আবু নোমান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহনই জব্দ করেছে পুলিশ। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।