ভোলার দৌলতখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লুট হওয়া একটি পিস্তলসহ মো. নাহিদ নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাহিদ চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজীবাড়ির আব্দুল মন্নান কাজীর ছেলে এবং তিনি ওই ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিব হাসান জানান, নাহিদের কাছে পিস্তল রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বসতঘরে অভিযান চালায়। তল্লাশিকালে পিস্তলটি উদ্ধার করা হয়। এসআই রাকিব আরও জানান, জব্দ করা অস্ত্রটি চায়না টাইপ-৫৪ পিস্তল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ২০২৪ সালের ৫ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে লুট হওয়া অস্ত্র।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত পিস্তলটির নম্বর যাচাইয়ের জন্য পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে। এটি নিশ্চিত হওয়া গেলে কোন টিম থেকে অস্ত্রটি লুট হয়েছিল তা জানা সম্ভব হবে। এ ঘটনায় নাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

