কাজের মাধ্যমেই বিনিয়োগকারীদের আস্থা ফেরানো হবে: বিএসইসি চেয়ারম্যান

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ৪৪। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থার সংকট রয়েছে বলে স্বীকার করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি স্পষ্ট করেছেন যে, কেবল কথার মাধ্যমে নয়, বরং কাজের মাধ্যমেই এই হারানো আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে। নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান হিসেবে তিনি মন্তব্য করেন, একটি ন্যায্য, স্বচ্ছ ও সুশৃঙ্খল বাজার ব্যবস্থা নিশ্চিত করাই তাদের মূল দায়িত্ব এবং এর মাধ্যমেই বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়া হবে।

সোমবার রাজধানীর নিকুঞ্জ-২ এলাকায় ডিএসই টাওয়ারে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক ও হোসাইন সাদাতসহ ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার উপস্থিত ছিলেন।

বিএসইসি চেয়ারম্যান জানান, দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই তিনি ফ্লোর প্রাইস তুলে দিয়েছেন। এর আগে ফ্লোর প্রাইসের কারণে মরগ্যান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল (এমএসসিআই) বাংলাদেশের সূচক স্থগিত করেছিল। তবে ফ্লোর প্রাইস তুলে নেওয়ায় আগামী নভেম্বর থেকে তারা এটি পুনরায় চালু করবে বলে জানিয়েছে, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বাজারে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মাসুদ খান বলেন, বিএসইসি ও ডিএসইর সার্ভিল্যান্স ব্যবস্থা এআইভিত্তিক করা হচ্ছে। এছাড়া পুঁজিবাজারের মূল বোর্ডে বন্ডের তালিকাভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে এবং আগামী এক বছরে অনেক বন্ড বাজারে আসবে। ডাইরেক্ট লিস্টিং রেগুলেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং কমিশনের অনুমোদনের পর তা জনমতের জন্য উন্মুক্ত করা হবে। এর মাধ্যমে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে কয়েকটি ভালো কোম্পানি বাজারে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, কোনো কোম্পানি চাইলে আইপিও ও ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে শেয়ার ছাড়তে পারবে, যার সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে আসবে।

সিকিউরিটিজ অ্যাক্টের ২০এ ধারার ক্ষমতা প্রয়োগের বিষয়ে তিনি বলেন, জনস্বার্থে কোম্পানিকে বাজারে আসার নির্দেশ দেওয়ার জন্য ‘পাবলিক ইন্টারেস্ট কোম্পানি’ নির্ধারণে বিধি প্রণয়ন করা হবে। এছাড়া স্ক্রিপ্ট নেটিং ও টি+১ চালুর বিষয়ে ডিএসই, সিএসই, সিডিবিএল এবং বিদেশি কাস্টডিয়ান ব্যাংকগুলোর সঙ্গে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে, যাতে বছরের শেষ নাগাদ টি+১ এ যাওয়া সম্ভব হয়। চট্টগ্রাম কমোডিটি এক্সচেঞ্জ চালুর বিষয়েও অগ্রগতি হয়েছে বলে তিনি জানান।

ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম জানান, নতুন কোম্পানি ও বন্ড তালিকাভুক্তির বাধা দূর করতে লিস্টিং ফি ৮০ শতাংশ কমিয়ে সর্বোচ্চ ১৫ লাখ টাকায় নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আবেদনকারী কোম্পানিগুলো এই ফি-র ওপর অতিরিক্ত ৫০ শতাংশ ছাড় পাবে। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার জানান, বাজারের উন্নয়ন ও গভর্নেন্স জোরদারে বিএসইসির নির্দেশনায় ভালো আইপিও আনা, ফ্রি মার্জিন ও সিসি অ্যাকাউন্ট পরিচালনাসহ ৫ বছরের স্ট্র্যাটেজিক প্ল্যান বাস্তবায়নে কাজ চলছে।