নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে সারকারে মাদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক সুন্নি কনফারেন্স-২০২৬। রবিবার (৩০ আগস্ট) রাতে সৈয়দপুর বাংলা হাই স্কুল মাঠে আঞ্জুমান-এ-গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামা'আতের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে। এশার নামাজের পর শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা এই সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা আলেম ও নাতশিল্পীরা অংশ নেন।
সম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ভারতের উত্তর প্রদেশের জায়েস শরীফস্থ আস্তানায়ে আলিয়া আশরাফীয়া আহমাদিয়ার সাজ্জাদানশীন হযরতুল আল্লামা আলহাজ্ব শাহ সৈয়দ মুহাম্মদ আশরাফ কালিম আশরাফী আল-জিলানী সাহেব। এছাড়া প্রধান অতিথি হিসেবে যোগ দেন একই আস্তানার ওয়ালি এ আহাদ জামালে মিল্লাত হযরাতুল আল্লামা শাহ সৈয়দ আহমাদ জামাল আশরাফ আশরাফী আল-জিলানী সাহেব। বিশেষ আকর্ষণ হিসেবে পাকিস্তান থেকে আগত আন্তর্জাতিক নাতশিল্পী আলহাজ্ব জোহাইব আশরাফী সাহেব মনোমুগ্ধকর নাতে রাসুল পরিবেশন করেন।
আঞ্জুমান-এ-গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামা'আত, সৈয়দপুরের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ তাসলিম আশরাফীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতের জায়েস শরীফের মাওলানা মোহাম্মদ ইরফান আশরাফীসহ বিভিন্ন আলেম ও খলিফাবৃন্দ। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে বিএনপি নেতা শাহীন আক্তার শাহিন, জামায়াতে ইসলামি উপজেলা নায়েবে আমির শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্মেলনের বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর জোর দেন। তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ এবং আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আকিদা ও ইসলামী মূল্যবোধ চর্চার আহ্বান জানান। বক্তারা বলেন, মুসলিম সমাজের অগ্রগতিতে পারস্পরিক বিভেদ ভুলে ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের কার্যকর ভূমিকা রাখা জরুরি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আদর্শ প্রচার, মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করাই ছিল এই আন্তর্জাতিক সম্মেলনের মূল লক্ষ্য। উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আলোচনা ও নাতে রাসুল পরিবেশনের মাধ্যমে সম্মেলনটি সম্পন্ন হয়।

