মার্কিন বন্দীশালা থেকে প্রথমবার ছবি পোস্ট করলেন নিকোলাস মাদুরো

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দুটি ছবি প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে, যেখানে তাকে যুক্তরাষ্ট্রের একটি আটককেন্দ্রে দেখা যাচ্ছে। ৩০ আগস্ট প্রকাশিত এই ছবিগুলো মূলত ২৫ জুন তোলা হয়েছিল বলে টাইমস্ট্যাম্প থেকে জানা গেছে। ছবিতে মাদুরোকে ধূসর ট্র্যাকস্যুট পরা অবস্থায় দেখা যায় এবং তিনি দুই হাতে ভি-চিহ্ন প্রদর্শন করছেন। তাকে আটকের পর থেকে তার শারীরিক ওজন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরের জানুয়ারিতে কারাকাসে মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছিল। পরবর্তীতে তাদের নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। মাদুরো ও ফ্লোরেসের বিরুদ্ধে মাদক পাচারসহ বিভিন্ন গুরুতর অভিযোগ থাকলেও তারা শুরু থেকেই এসব অস্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করে আসছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে স্প্যানিশ ভাষায় মাদুরো নিজের একটি বার্তা পাঠিয়েছেন। তিনি লিখেছেন, তার নাতি-নাতনি, ছেলে-মেয়ে এবং যারা তাদের ভালোবাসেন, তাদের জন্য এটি একটি ছোট উপহার। তিনি আরও উল্লেখ করেন, আমরা দৃঢ় আছি এবং আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ। তিনি শান্ত ও আত্মবিশ্বাসী থাকার পাশাপাশি ঈশ্বরের ওপর ভরসা রাখার কথাও জানিয়েছেন এবং ভেনেজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন।

এদিকে এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে, তারা ছবিগুলোর সত্যতা এবং এগুলো প্রকাশের অনুমতি ছিল কি না তা জানতে আটককেন্দ্রটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পায়নি। উল্লেখ্য, এই ছবিগুলো এমন সময়ে প্রকাশ পেয়েছে যখন ভেনেজুয়েলায় তেলক্ষেত্র পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়ে একটি ঐতিহাসিক তেল চুক্তির ঘোষণা দিয়েছেন মাদুরোর উত্তরসূরি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।