নেপালে চলমান ভয়াবহ বন্যার প্রেক্ষাপটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কনফারেন্স কক্ষে ক্যাম্পাসে অবস্থানরত নেপালি শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন। সভার শুরুতে নেপালে বন্যায় মৃতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘বি স্ট্রং, আপনারা মানসিকভাবে শক্ত থাকুন। প্রশাসনের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে তাৎক্ষণিক আমাদের জানাবেন; আপনাদের সর্বাত্মক দেখার দায়িত্ব আমাদের।’ নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর সমবেদনা প্রকাশ করে তিনি আরও বলেন, আমরা কয়েক দিন ধরে দেখছি নেপাল ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি সহমর্মিতা প্রকাশ করছি এবং যাদের জীবন গেছে তাদের আত্মার শান্তি কামনা করছি।
নেপালি শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে উপাচার্য জানান, ডরমেটরি ও ‘জুলাই ৩৬’ হলে অবস্থানরত নেপালি শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নেপালে যাওয়া শিক্ষার্থীরা ফেরার পথে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা, নতুন করে কেউ দেশে যেতে চান কিনা কিংবা দৈনন্দিন খরচের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা, তা প্রশাসনকে অবহিত করলে প্রয়োজনীয় সব সহযোগিতা করা হবে।
একই সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, এখানে আপনাদের অভিভাবকরা নেই, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা আছি তারা আপনাদের সেই অভিভাবকের দায়িত্ব নিতে চাই। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনাদের পড়াশোনা এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে কোনো সমস্যা হচ্ছে কিনা, তা আমাদের জানাবেন।
মতবিনিময় সভায় বিভিন্ন বিভাগে অধ্যয়নরত প্রায় ১৫-২০ জন নেপালি শিক্ষার্থী অংশ নিয়ে তাদের বর্তমান অবস্থা ও নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয়, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা উপস্থিত ছিলেন।

